উইকিম্যানিয়া ২০০৭, তাইপে, টাইওয়ান
"এমন একটি বিশ্বের কথা চিন্তা করুন যেখানে গ্রহের প্রতিটি মানুষকে বিনা মূল্যে বিশ্বের সকল মানুষ্য জ্ঞানের সম্মিলিত ভান্ডারে প্রবেশাধিকার রয়েছে। আমরা এটাই করছি" আবারও উইকিম্যানিয়া ২০০৭ এ দৃঢ় কণ্ঠে উচ্চারণ করলেন উইকিপিডিয়ার জনক এবং উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রধান জিমি ওয়ালস। গত ৩-৫ আগষ্ট তারিখে তাইওয়ানের রাজধানী তাইপে তে অনুষ্ঠিত হয়ে গেল উইকিমিডিয়া ফাউন্ডেশনর তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন উইকিম্যানিয়া ২০০৭। এধরনের আয়োজনের উদ্দেশ্য হল বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্পের সাথে জড়িত উইকিপিডিয়ানদের একত্র করা যাতে তারা নিজেদের মধ্যে মতামত, গবেষণার ফল এবং উইকিপিডিয়ার উন্নয়নে বিভিন্ন প্রকল্পের নানা মুখি প্রচেষ্টার ধারণার আদান-প্রদান করতে পারেন। এর মাধ্যমে উইকিমিডিয়ানগণ সাড়া বিশ্বের সাধারণ ব্যবহারকারীদের সান্নিধ্যে আসার সুযোগ পান যাতে তারা উন্মুক্ত তথ্যাদি, উন্মুক্ত সফটওয়্যার, উন্মুক্ত জ্ঞান এবং বিভন্ন উইকি প্রকল্পের সাথে জনগনকে পরিচিত এবং তাদের নিজেদের চিন্তা-ধারা, মতামত সাধারণ জনতার সাথে বিনিময় করতে পারেন।
এবারে উইকিম্যানিয়া ২০০৭ এর আয়োজক ছিলেন, ফাউন্ডেশনের স্থানীয় সংগঠন "উইকিমিডিয়া তাইওয়ান চ্যাপ্টার"। তাইপে শহরের মধ্যক্ষাণে অবস্থিত "চ্যান তাইন ওভারসিজ ইউথ এক্টিভিটি সেন্টারে" আয়োজন করা হয়েছিল উইকিপিডিয়ানদের এই মহাসম্মেলন, যাতে বাংলাদেশ সহ যোগ দিয়েছেন বিশ্বের ৯৮টি দেশের ৪৪০ জন উইকিপিডিয়ান, এর প্রায় ৫৫ শতাংশ অংশগ্রহনকারী ছিলেন তাইওয়ানের নাগরিক। এবারের এ সম্মিলনের ৬৫টি সেশনে ১০০ জনেরও বেশী বক্তা তাদের বক্তৃতা প্রদান করেছেন।
৩রা আগষ্ট অনাড়ম্বর উদ্ভোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এ সম্মেলন, উদ্ভোধনী ভাষণে জিমি ওয়ালস উইকিমিডিয়া ফাউন্ডেশনের পরবর্তী চেয়ারম্যান হিসেবে ফ্লোরেন্স নিবার্ট-দেভোয়ার্ড (Florence Nibart-Devouard) সহ সাড়া বিশ্বের উইকিপিডিয়ানদের ভোটে উইকিপিডিয়ান কোম্যুনিটি থেকে নির্বাচিত উইকিমিডিয়া ফাইন্ডেশনে নতুন তিন প্যানেল সদস্যকে পরিচয় করিয়ে দেন। সাথে উইকিমিডিয়া তাইওয়ান চ্যাপ্টারের আনুষ্ঠানিক ঘোষনা দেন। দেভোয়ার্ড উদ্ভোধনী অনুষ্ঠানে উইকিমিডিয়া ফাউন্ডেশনের বর্তমান সম্পদের হিসাব, ব্যবহারকারীদের দেওয়া দান ও তাদের অর্থ-সংগ্রহ কার্যক্রম এবং সম্প্রতি পর্তুগালে উইকিপিডিয়া সাইটকে ব্যবহার করে এক টেলিকম কোম্পানীর বিজ্ঞাপন সম্পর্কে বলেন। তিনি আরও সবাইকে জানান ছয় বছর বয়সী ইংরেজী উইকিপিডিয়াতে এখন প্রায় ২০ লক্ষ নিবন্ধ আছে, এছাড়া অন্য ২৫০টিরও বেশী উইকিপিডিয়াতে আছে আরও প্রায় ৫০ লক্ষ নিবন্ধ। সব উইকিপিডিয়া মিলে এ পর্যন্ত ২৭৫ মিলিয়ন সম্পাদনা হয়েছে এবং উইকিপিডিয়া সাইট প্রতি মাসে প্রায় ২০০ মিলিয়ন ব্যবহারকারী দেখেন।
তিন দিনের এই সম্মেলনে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ৪টি স্লটে মোট ৬৫টি সেশন অনুষ্ঠিত হয়। প্রতিটি স্লটে একসাথে ৫টি আলাদা কক্ষে বক্তারা বিভিন্ন বিষয় নিয়ে তাদের বক্তব্য প্রদান করেন। অংশগ্রহণকারী তার পছন্দমত একটি সেশনে অংশ নিতে পারতেন। প্রতিটি সেশনের শেষে প্রশ্নউত্তর পর্বে বক্তাগণ অংশগ্রহণকারীদের প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ পেতেন। এ সকল বক্তৃতায় বেশ কিছু ভাষার বক্তারা তাদের ভাষার উইকিপিডিয়ার এবং তাদের উইকিপিডিয়ান কোম্যুনিটির অবস্থা ব্যাখ্যা করেন। এদের মধ্যে হিন্দি, উর্দু, মালয়, মালয়শীয়, ইন্দোনেশীয়, হিব্রু ভাষার উইকিপিডিয়ানরা তাদের ভাষার উইকিপিডিয়ার বিভিন্ন দিক অংশগ্রহনকারীদের কাছে তুলে ধরেন। হিব্রু ভাষার উইকিপিডিয়ান কোম্যুনিটি তৈরিতে তাদের নেওয়া বিভিন্ন প্রকল্পের এবং এর প্রভাব সম্পর্কে আলোচনা করেন। কয়েকজন বক্তা উইকিপিডিয়ায় বিভিন্ন ব্যবহারকারী বা অবদানকারীর উইকিপিডিয়ায় তাদের বিভিন্ন রকমের আচোরণ, নতুন ব্যবহারকারী বা অবদানকারীদের প্রতি প্রশাসকদের সম্ভাব্য আচোরণ, ব্যবহারকারীদের মধ্যে বিবাদ মিমাংসা সহ ব্যববারকারীর বিভিন্ন চারিত্রিক দিক নিয়ে আলোচনা করেন। সাথে উইকিপিডিয়ায় ব্যবহৃত মিডিয়াউইকি সফটওয়্যারের কয়েকজন সেচ্ছাসেবী নির্মাতাগণ মিডিয়াউইকির ব্যবহার, বিভিন্ন বৈশিষ্ট, ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। বেশ কয়েকজন বক্তা তাদের বিভিন্ন গবেষণালব্ধ ফল, কেস স্টাডি প্রভৃতি উপস্থাপন করেন। এছাড়াও আরও যে স সব বিষয়ে আলোচনা হয় তার মধ্যে উইকিয়া, ওমেগাউইকি, গুগোল ও উইকি, উইকিপিডিয়া কপিরাইট, ক্রিয়াটিভ কমন্স, উইকিপিডিয়া ছাড়াও সহযোগীতার মাধ্যমে গড়া বিভিন্ন প্রকল্প, ওপেনসোর্স ভিত্তিক বিভিন্ন সফটও্যার, ওএলপিসি প্রকল্প প্রভৃতি বিষয় অন্যতম।
৪ঠা আগস্ট বিকেলে অংশগ্রহণকারীদের জন্য তাইপের "রেড থিয়েটারে" আকর্ষনীয় পার্টি এবং ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। তাতে বিদেশী উইকিপিডিয়ানগণ তাইওয়ানের স্থানীয় উইকিপিডিয়ানদের সাথে পার্টি আমেজে মতবিনিময় করার সুযোগ পান। ৫ই আগস্ট বিকেলে জিমি ওয়েলসের সমাপনী বক্তৃতার মধ্য দিয়ে সম্মেলনের সমাপনী পর্ব শুরু হয়। এ সময় তিনি সকল অংশগ্রহণকারীদের উইকিমিডিয়া পরিবারের সদস্য বলে সম্বোধন করেন। এছাড়া ২০০৭-২০০৮ সালে তার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, ২০০৮ সালে আফ্রিকার বিভিন্ন দেশ সহ বিশ্বের প্রায় ৫০টি স্থানে উইকিমিডিয়া ফাউন্ডেশন এবং আই-কমন্স আয়োজন করবে ''উইকিপিডিয়া একাডেমী'' নামক ছোট পরিসরের সম্মেলন, যাতে উইকিমিডিয়া ফাউন্ডেশনের সদস্যগণ আলোচনায় বসবেন আমন্ত্রিত স্থানীয় উইকিপিডিয়ান সহ ছাত্র, শিক্ষক, সংবাদিক, সরকারী কর্মকর্তা, চাকুরিজীবি, ব্যবসায়ী সহ দেশের বিভিন্ন পেশার মানুষের সাথে।
এবারই প্রথম বাংলাদেশী উইকিপিডিয়ান ও বাংলা ভাষীদের পক্ষ থেকে বাংলা উইকিপিডিয়ার অন্যতম প্রশাসক মোঃ বেলায়েত হোসেন উইকিম্যানিয়া সম্মেলনে যোগ দেন। তিনি প্রথম বাঙালি যিনি প্রথম উইকিমিডিয়া ফাউন্ডেশনের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহন করেছেন। বাংলাদেশীদের তাইওয়ান গমনে ভিসার সহ অন্যান্য ক্ষেত্রে সমস্যা ও সিমাবদ্ধতা থাকা তাইওয়ান উইকিম্যানিয়াতে যোগ দেওয়াতে আয়োজক এবং ফাউন্ডেশনের সদস্যগণ তাকে সাধুবাদ জানান। তিনি সেখানে উইকিমিডিয়া ফাইন্ডেশনের প্রধান জিমি ওয়েলস, উইকিমিডিয়া ফাউন্ডেশন ভোলান্টিয়ার কোঅর্ডিনেটর ক্যারি বাস, এন্ড্রু লিহ, জেরার্ড মেইজসেন সহ অন্যান্য ভাষার উইকিপিডিয়ানদের সাথে বাংলা উইকিপিডিয়া সম্পর্কে আলোচনা করেন। জিমি ওয়েলস বাংলা উইকিপিডিয়ার সম্পর্কে এর নিবন্ধ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নিবন্ধের মানোন্নয় এবং বাংলাদেশী উইকিপিডিয়ান কোম্যুনিটি গঠনের উপর জোড় দিতে পরামর্শ দেন। এসময় তিনি জার্মান উইকিপিডিয়ার কথা উল্লখে করে বাংলা উইকিপিডিয়ার আওতায় জার্মান উইকিপিডিয়ায় বাস্তবায়িত প্রকল্পগুলো বাস্তবায়নের পরামর্শ দেন। ভোলান্টিয়ার কোঅর্ডিনেটর ক্যারি বাস এবং জেরার্ড মেইজসেন বাংলা উইকিপিডিয়ার ভাল অবস্থানে থাকার কথা উল্লখ্য করে বলেন বাংলাদেশের অনেক সাহিত্য কর্ম রয়েছে যা পাবলিক ডোমেইনে চলে এসেছে, বাংলাভাষীদের সে সকল সাহিত্যকর্মকে সংরক্ষণ করতে বাংলা ভাষায় উইকিসোর্স প্রজেক্টে কাজ করা উচিত, তারা বাংলা ভাষার জন্য ডোমেইন প্রাপ্তির জন্য সাহায্য করবেন বলে জানিয়েছে। বেলায়েত সেখানে বলেন যেহেতু উইকিমিডিয়া ফাউন্ডেশন পৃথিবীর ভাষা সংরক্ষণেও ভূমিকা রাখছে তাই ফাউন্ডেশনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে তাদের মতন করে পালন করা উচিত। উইকিপিডিয়া এবং উইকিপিডিয়ান কোম্যুনিটি বিষযক গবেষক এবং উইকিপেডিয়া উইকলি ম্যাগাজিনের হোস্ট এন্ড্রু লিহ বলেন বাংলাদেশীদের আরও বেশী করে এ ধরনের সেচ্ছাসেবামুলক কার্যক্রমে অবদান রাখা উচিত, যদিও এখন বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার কম কিন্তু সময়ের সাথে তা বাড়বে। ভবিষ্যত প্রজন্মের জন্য বাংলা ভাষা এবং বাঙালি সংস্কৃতি সংরক্ষণে উইকিপিডিয়া একটি ভাল হাতিয়ার হিসেবে পরিনত হতে পারে। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে জাতিকে সর্বক্ষেত্রে উইকি-দর্শনে অভ্যস্ত এবং পরিবর্তনশীল পৃথিবীর সাথে তাল মিলিয়ে এগুতে হবে।

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home